30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল

advertisment
- Advertisement -spot_img

সিএনজি অটোরিকশার মিটারের ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে ৫০ হাজার টাকা জরিমানা বা কারাদণ্ডের নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিআরটিএ কর্তৃক ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত সাম্প্রতিক নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে। অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো বাধা না দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।’

এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিএনজি চালকরা অবরোধ শুরু করলে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। রামপুরা, মিরপুর ১৪ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেওয়া হয়।

সিএনজি চালকরা দাবি করেন, মিটারের ভাড়া বৃদ্ধি করতে হবে এবং মিটারে না চললে জরিমানার আইন বাতিল করতে হবে। বিআরটিএ’র সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএ নির্দেশ দিয়েছিল, মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এছাড়া চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ার বিধানও ছিল।

বিআরটিএ’র তথ্য অনুযায়ী, ঢাকায় বর্তমানে নিবন্ধিত অটোরিকশার সংখ্যা ২০ হাজার ৮৯৪টি। ২০১৯ সালে সবচেয়ে বেশি অটোরিকশা নিবন্ধন দেওয়া হয়েছিল ৬ হাজার ৮৩৯টি, যা ২০১৮ সালে ছিল ৫ হাজার ৬৩৭টি।

আন্দোলনকারীদের অবরোধের কারণে সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হন। অনেকে গন্তব্যে পৌঁছাতে দেরি করেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ