সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সমস্ত সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশ দেন।
দুদকের আবেদনে পলক, তার ছেলে ও শাশুড়ির সমস্ত সম্পদ জব্দের পাশাপাশি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, বসুন্ধরা গ্রুপের বিদেশি সম্পত্তি ও পরিচালকদের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুরসহ আট দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।
দুদক আরও জানিয়েছে, ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে তিনটি মামলা করা হয়েছে।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ৭৮১ কোটি টাকার সম্পত্তি অর্জন ও দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দুদক সূত্র জানিয়েছে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কাজ করা হচ্ছে।
সুত্রা২৪


