অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গুম এবং আয়নাঘরের মতো নিপীড়নের কার্যক্রম শেখ মুজিবুর রহমানের আমল থেকেই শুরু হয়েছিল। আজ মঙ্গলবার রাজধানীর পিআইবিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাহফুজ আলম বলেন, “শেখ মুজিব যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, শেখ হাসিনা সেটিকেই পূর্ণতা দিয়েছেন। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে গুণ্ডাবাহিনী লালন করেছেন রাষ্ট্রীয় অর্থ খরচ করে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা দেশের প্রশাসন ও পুলিশকে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছিলেন। আমি নয়া পল্টনে বড় বড় মিছিল দেখেছি। যদিও বুড়ো নেতৃত্ব হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি, তরুণদের প্রচেষ্টাতেই তা সম্ভব হয়েছে। তরুণদের উজ্জীবিত রাখতে হবে, কারণ তারাই দেশের ভবিষ্যৎ।”
তরুণদের স্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন, “তরুণরা সুন্দর ভবিষ্যতের যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল, সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সেই স্বপ্ন পূর্ণ হবে।”
তিনি আরও যোগ করেন, “দেশ সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আমরা সরকারের পক্ষ থেকে বিচার ও পরিবর্তন নিশ্চিত করার চেষ্টা করছি।”
মাহফুজ আলম উল্লেখ করেন, “জাতিকে উদ্ধারের এই প্রকল্প অনেক বড়। শুধু নির্বাচন ও সংস্কার দিয়ে এই কাজ শেষ হবে না। নতুন রাষ্ট্র গঠনে সরকার যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
সুত্রা২৪


