সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানে তাদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।
এবারের একুশে পদকপ্রাপ্তদের মধ্যে চলচ্চিত্র বিভাগে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা রয়েছেন।
গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত), ও শাবাব মুস্তাফা (দলগত) একুশে পদক লাভ করেন।
সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম, এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এই সম্মাননা পেয়েছেন।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ সরকার প্রতিবছর একুশে পদক প্রদান করে আসছে। দেশের সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, বিজ্ঞান ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন ও সরকার ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্রা২৪


