আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। ২০ মিনিট পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “স্বৈরাচারের দোসর যারা প্রশাসনে রয়ে গেছে, তাদের দ্রুত অপসারণ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে।”
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, “সরকার যদি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে জনগণই তাদের গদি থেকে সরিয়ে দেবে।”
বিক্ষোভে আরও বক্তব্য রাখেন জিয়াউদ্দিন আয়ানসহ অন্যান্য শিক্ষার্থী নেতারা। তারা বলেন, “যদি অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো না হয়, তাহলে সারা দেশে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।”
প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, “আমরা নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ দেশ চাই। প্রশাসনের ব্যর্থতা মেনে নেব না।”
এদিকে, অবরোধ চলাকালে পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেলেও কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সুত্রা২৪


