প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এস এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কক্সবাজারের এলাকায় ভোটার তালিকা তৈরির সময় তিনি এমন তথ্য পেয়েছেন যে, কিছু বাংলাদেশি নাগরিক নানা ধরনের রিলিফ বা ত্রাণের আশায় স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছেন।
২৪ ফেব্রুয়ারি, সোমবার নগরীর ইটিআই ভবনে আয়োজিত রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
রোহিঙ্গা হওয়ার কারণ
সিইসি বলেন, “আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি, কিন্তু অনেক বাংলাদেশি রিলিফের আশায় রোহিঙ্গা হয়ে যাচ্ছেন। কক্সবাজারের অনেক জায়গায় আমরা এমন তথ্য পেয়েছি, যেখানে স্বেচ্ছায় রোহিঙ্গা হওয়া অনেক ব্যক্তি আছেন।” তিনি আরো বলেন, “এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, অনেক সময় স্বামী রোহিঙ্গা এবং স্ত্রী বাংলাদেশি, আবার কখনও স্ত্রী বাংলাদেশি, স্বামী রোহিঙ্গা।”
নাসির উদ্দিন বলেন, “সুন্দর ভোটের জন্য ভোটার লিস্ট স্বচ্ছ করা দরকার। বর্তমানে প্রায় ১৭ লাখ মৃত ভোটার তালিকায় রয়েছে। মৃত ভোটাররা আবার ভোট দিয়েছে। এছাড়া ৩৬ লাখ লোক রয়েছেন, যারা ভোটার হতে পারতেন কিন্তু তালিকায় নেই।”
সিইসি জানান, সাংবাদিকদের সংগঠনগুলোতে সঠিক ভোট হয় এবং সেখানে কোনো কারচুপি কিংবা অভিযোগ পাওয়া যায় না। তিনি বলেন, “যদি সাংবাদিকদের মতো নির্বাচন করতে পারতাম, তবে ভালো হতো।” তিনি আরো বলেন, “আমরা অবাধ তথ্য প্রবাহ চাই এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”
সুত্রা২৪


