32.7 C
Dhaka
Thursday, June 18, 2026

নিজেরা কাদা ছোঁড়াছুড়ি করলে দেশ-জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে: সেনাপ্রধান

advertisment
- Advertisement -spot_img

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে বলেছেন, “নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে।” মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত এক ফটো প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমি আগেই সতর্ক করছি, পরে যেন কেউ বলতে না পারেন যে সতর্ক করা হয়নি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের ঐক্য ধরে রাখতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন।”

সেনাপ্রধান আরও বলেন, “আমার একটাই লক্ষ্য—দেশ ও জাতির স্বার্থ রক্ষা করে সেনানিবাসে ফিরে যাওয়া। অন্য কোনো আকাঙ্ক্ষা নেই।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আজ পুলিশ সদস্যরা কাজ করতে পারছেন না, কারণ তাদের অনেকে কারাগারে। র‍্যাব ও বিজিবি উদ্বিগ্ন। দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়—আনসার বাহিনীসহ অন্যান্য সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। মাত্র ৩০ হাজার সেনাসদস্য দিয়ে পুরো দেশের পরিস্থিতি সামলানো সম্ভব নয়।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, “আমরা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি। ১৮ মাস সময় বলেছিলাম, আশা করি ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।”

তিনি সেনাবাহিনীর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পরিহারের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ওপর আক্রমণ করবেন না, বরং পরামর্শ দিন। আমরা গঠনমূলক পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। সেনাবাহিনী দেশ ও জাতিকে রক্ষা করতে চায়, বিভক্তি নয়।”

সেনাপ্রধানের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থার চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠেছে। তার বার্তা—জাতির ঐক্যই দেশকে সামনে এগিয়ে নেওয়ার মূল শক্তি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ