অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. মাহফুজ আলম। মাহফুজ আলম এর আগে সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপনে মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার ঘোষণা দেয়া হয়।
গত মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন।
নাহিদ ইসলামের পদত্যাগের পর, এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেয়া হবে তা নিয়ে নানা আলোচনা চলছিল। মাহফুজ আলমের নাম এই দায়িত্বের জন্য জোরালোভাবে শোনা যাচ্ছিল।
মাহফুজ আলম ২০২৪ সালের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে, অন্তর্বর্তী সরকার গঠনের মাত্র ২০ দিন পর, ২৮ আগস্ট তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক।
মাহফুজ আলম আওয়ামী লীগ সরকারবিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্দোলনে তিনি রাজনৈতিক-বুদ্ধিবৃত্তিক সহায়কের দায়িত্বে ছিলেন এবং গণ-অভ্যুত্থানের পর ছাত্র, নাগরিক এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করেন।
সুত্রা২৪


