কুমিল্লার নাঙ্গলকোটে জন্মদিনের অনুষ্ঠান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে করায় বন্ধুদের হামলার শিকার হয়েছেন মোহাম্মদ আলী রাফি (২৫)। হামলাকারীরা তার দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বক্সগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
আহত রাফি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার বটতলী ইউনিয়নের নারায়ণ ভাতুয়া গ্রামের বাসিন্দা ও বক্সগঞ্জ বাজারের ব্যবসায়ী। হামলার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা হুমায়ুন বাবু ও ফরিদ হোসেনের বিরুদ্ধে।
ঘটনার বিবরণ
মঙ্গলবার রাতে রাফির জন্মদিনের আয়োজন ছিল। হামলাকারী বাবু ও ফরিদ রাত ৮টার দিকে অনুষ্ঠানে আসলেও রাফি জানায়, অনুষ্ঠান শুরু হতে আরও দুই ঘণ্টা লাগবে। এতে ক্ষিপ্ত হয়ে তারা চলে যায়।
পরদিন বুধবার বিকেলে মেসেঞ্জারে এ বিষয়ে বাকবিতণ্ডা হয়। পরে বাবু ও ফরিদ ক্ষুব্ধ হয়ে বাজারে এসে রাফির দোকানে ঢুকে তাকে মারধর করে এবং নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন রাফি ও তার পরিবার।
রাফির বাবা জসিম হাজারি জানান, “আমার ছেলেকে মারধর করে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে গেছে। মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”
অভিযুক্ত বাবু ও ফরিদের বাবা মীর কাসেম বলেন, “আমি ঘটনাটি শুনেছি, তবে ছেলেদের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি।”
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানান, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
সুত্রা২৪


