২০০৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন খুলনার পাইকগাছার বাসিন্দা রিপন গাজী (৪৫)। কিন্তু রায় ঘোষণার পর থেকে দীর্ঘ ১৭ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত আইনের হাত থেকে রক্ষা পাননি।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় খুলনার পাইকগাছার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার (৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, রিপন গাজী উপজেলার মটবাটি গ্রামের কাওসার গাজীর ছেলে। ২০০৮ সালে পাইকগাছা থানায় দায়ের করা একটি মাদক মামলায় খুলনা যুগ্ম জেলা জজ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
তিনি আরও বলেন, “১৭ বছর পলাতক থাকার পরও শেষ পর্যন্ত তিনি ধরা পড়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরও শেষ পর্যন্ত আইনের হাত এড়াতে পারেননি রিপন গাজী।
সুত্রা২৪


