বাংলাদেশি নাগরিকদের ভিসা না দেওয়া ভারতের নিজস্ব নীতি এবং সার্বভৌম অধিকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ বিষয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।
আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. তৌহিদ হোসেন বলেন, “ভিসা সংক্রান্ত জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত তাদের নিজস্ব কারণে এটি বন্ধ রেখেছে। কোনো দেশ কাউকে ভিসা দেবে কি দেবে না, এটি তাদের সার্বভৌম সিদ্ধান্ত। এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আমরা আশা করছি, তারা (ভারত) শিগগিরই তাদের অবস্থান পরিষ্কার করবে এবং ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করবে যাতে বাংলাদেশি নাগরিকরা ভারতে ভ্রমণের সুযোগ পান।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক বজায় রয়েছে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তৌহিদ হোসেন বলেন, “প্রধান উপদেষ্টা যা বলেছেন, সেটাই আমাদের অবস্থান। আমরা সবসময় পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চাই। প্রতিটি দেশের নিজস্ব স্বার্থ থাকে এবং উভয় পক্ষের স্বার্থকে সমন্বয় করেই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে।”
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ভারত দ্রুত এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে এবং দুই দেশের নাগরিকদের যাতায়াতের সুবিধার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
সুত্রা২৪


