প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কুয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আগামী ৭ থেকে ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের অনুরোধ জানান তিনি।
রবিবার (৯ মার্চ) ঢাকায় নবনিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূত আলি তুনইয়ান আবদুল ওয়াহাব হামাদাহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, “বিনিয়োগ সম্মেলনে কুয়েতি ব্যবসায়ীদের উপস্থিতি উভয় দেশের জন্য লাভজনক হবে।”
সাক্ষাতে তারা বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের ওপর গুরুত্বারোপ করেন এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও কুয়েত দীর্ঘদিনের বন্ধু। এখানে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হালাল খাদ্য শিল্পে। হালাল খাদ্যের আন্তর্জাতিক বাজার ক্রমবর্ধমান। এটি দুই দেশের জন্যই লাভজনক হতে পারে।”
রাষ্ট্রদূত হামাদাহ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ ও কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া, বাংলাদেশে অপরিশোধিত জ্বালানি আমদানি বাড়ানো ও যৌথভাবে তেল শোধনাগার স্থাপনের বিষয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস কুয়েতকে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিক, বিশেষ করে নারী কর্মীদের জন্য আরও ভালো কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং কুয়েতের প্রতিরক্ষা খাতে বাংলাদেশি সামরিক সদস্যদের অবদানের প্রশংসা করেন।
উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমাদের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান ও সমৃদ্ধির ভিত্তিতে আরও শক্তিশালী হবে।”


