29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

বাংলাদেশ-গাম্বিয়া ভিসা চুক্তি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে স্বাক্ষরিত ভিসা অব্যাহতি চুক্তি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও গাম্বিয়া কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য যে ভিসা অব্যাহতি চুক্তি করেছে, এটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চুক্তি দুই দেশের সরকারের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করবে, কূটনৈতিক বিনিময় বাড়াবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ প্রসারিত করবে।”

বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় গাম্বিয়ার আন্তর্জাতিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের ন্যায়বিচারের জন্য যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা ওআইসির সমর্থনে যে সাহসী পদক্ষেপ নিয়েছে, তা মানবাধিকার প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত।”

উপদেষ্টা আরও বলেন, “এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে রেডিমেড গার্মেন্টস, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে পারস্পরিক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্য হবে এই কূটনৈতিক অগ্রগতিকে অর্থনৈতিক সম্পর্কের নতুন ভিত্তিতে পরিণত করা।”

বাংলাদেশ ও গাম্বিয়া উভয়ই জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার উল্লেখ করে তিনি বলেন, “দুই দেশই কৃষিনির্ভর অর্থনীতির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই টেকসই কৃষি ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

এই চুক্তির মাধ্যমে দুই দেশ কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ