বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন শাহ পরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
রোববার (২৩ মার্চ) ভোরে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ মার্চ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা নগরীর একটি কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্ত আহত হন। পরে শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় ভুক্তভোগী মাহবুবুর রহমান শান্ত মামলা দায়ের করেছেন। এরপর ভোরে আক্তার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার তিন নম্বর আসামি।”
তিনি আরও জানান, “আক্তার ছাড়াও মামলায় আরও একাধিক এজাহার নামীয় আসামি রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
সুত্রা২৪


