33.6 C
Dhaka
Tuesday, June 16, 2026

বাংলাদেশকে রপ্তানি প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চায় চীন

advertisment
- Advertisement -spot_img

চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান চেন হুয়াইউ বলেছেন, তার ব্যাংক বাংলাদেশে চীনা উৎপাদন কেন্দ্র স্থানান্তরের জন্য সহায়তা করবে, যাতে বাংলাদেশকে অন্য দেশগুলোর জন্য রপ্তানির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায়।

আজ (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

চীনা এক্সিম ব্যাংক আগে বাংলাদেশে চীনা অর্থায়িত অবকাঠামো ও জ্বালানি প্রকল্পে প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে, তবে এবারই প্রথম তারা বাংলাদেশে চীনা বেসরকারি শিল্প বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

সাক্ষাৎকালে, অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ তার কৌশলগত অবস্থান ও মানবসম্পদকে কাজে লাগিয়ে চীন ও বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় কোম্পানির জন্য একটি উৎপাদনকেন্দ্রে রূপান্তরিত হতে পারে। তিনি চীনা বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানান এবং সরকার বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুবিধা এবং বাণিজ্য করিডোর প্রদানের প্রতিশ্রুতি দেয়।

এ সময় চেন হুয়াইউ বলেন, “বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ার বাজারের জন্য উপযুক্ত।” তিনি আরও বলেন, চীনের বিপুলসংখ্যক কোম্পানি বিশ্ববাজারে প্রবেশ করছে এবং তার ব্যাংক বাংলাদেশে তাদের বিনিয়োগ ও উৎপাদন শিল্পের বিকাশে সহায়তা করবে।

ভিয়েতনামের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে চেন হুয়াইউ বলেন, বাংলাদেশকে ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে হবে চীনা ও পশ্চিমা উদ্যোক্তাদের আকৃষ্ট করতে। এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা ভিয়েতনাম থেকে শিখব।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ