রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক সমস্যার সমাধান করা হয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ সেখানে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই নেতা রাশিয়ার অর্থায়নে রূপপুর প্রকল্প, রাশিয়া থেকে গম ও সার আমদানি, এবং বাংলাদেশে গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ রাশিয়া থেকে আরও গম ও সার আমদানি করবে, পাশাপাশি গ্যাজপ্রম বাংলাদেশে আরও সমুদ্র ও উপকূলীয় অনুসন্ধানে আগ্রহী।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ওভারচুক বলেন, রাশিয়া আরও বাংলাদেশি শিক্ষার্থীকে তাদের দেশে পড়াশোনার সুযোগ দিতে চায় এবং বাংলাদেশে গম ও সার রপ্তানি বাড়াতে আগ্রহী।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
সুত্রা২৪


