28.6 C
Dhaka
Wednesday, June 10, 2026

বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল ইলন মাস্কের স্টারলিংক

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে ব্যবসা শুরু করতে চূড়ান্ত অনুমোদন পেল স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। ইলন মাস্কের স্পেসএক্স-এর এই সহযোগী প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর ইস্কাটনের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই তথ্য জানান।

তিনি বলেন, “আমরা স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় ২৯ মার্চ তাদেরকে ব্যবসায়িক নিবন্ধন দেওয়া হয়েছে। বাংলাদেশে বিদেশি প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনার জন্য বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক এবং তারা সেটি পেয়ে গেছে।”

চৌধুরী আশিক আরও জানান, স্টারলিংক আজ (রোববার) নন-জিওস্টেশনারি অরবিট (NGSO) লাইসেন্সের জন্য আবেদন করবে বলে জানানো হয়েছে। আবেদনটি নিয়ম অনুযায়ী হলে এবং অন্যান্য শর্ত পূরণ করলে বিডা থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হবে, ফলে ব্যবসায় তাদের আর কোনো বাধা থাকবে না।

আগামী ৯ এপ্রিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হবে। সম্মেলনের সরাসরি সম্প্রচারও এই ইন্টারনেটের মাধ্যমে করা হবে এবং অংশগ্রহণকারীরাও সেটি ব্যবহার করে দেখতে পারবেন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ইলন মাস্কের মধ্যে এক ফোনালাপে স্টারলিংকের বাংলাদেশে সম্ভাব্য সেবা চালু এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, স্টারলিংক আসার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হবে। এতে করে গ্রাম ও শহরের ডিজিটাল বিভাজন অনেকটাই কমে যাবে। তরুণরা গ্রাম থেকেই ফ্রিল্যান্সিং ও অন্যান্য অনলাইন-ভিত্তিক কাজ করতে পারবেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনেও বড় ভূমিকা রাখবে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ