জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের জন্য প্রক্সি ভোট প্রদান ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে, প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোট প্রদান করতে পারবেন, তবে প্রতিটি ভোটের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে এবং একজন প্রবাসী ব্যক্তি নিজের ভোটসহ সর্বোচ্চ তিনটি ভোট দিতে পারবেন।
রোববার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, এ ব্যবস্থা চালু হলে শুধুমাত্র জাতীয় সংসদ নয়, স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন। তবে প্রবাসীদের জন্য আবেদন করতে হবে অন্তত ৩০ দিন আগে, এবং ভোটের জন্য নির্ধারিত ব্যক্তি প্রবাসীর পরিবারের সদস্য হতে হবে।
নির্ধারিত ব্যক্তি হিসেবে প্রবাসী ব্যক্তি তার ভোটের জন্য বাংলাদেশে অবস্থানরত স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন অথবা তাদের সন্তানকে মনোনীত করবেন। তবে, এই ব্যক্তির ভোট দেওয়ার স্থান এবং প্রবাসীর ভোট কেন্দ্র একই সংসদীয় এলাকা হতে হবে। একজন প্রবাসী তার ভোটসহ সর্বোচ্চ তিনটি ভোট দিতে পারবেন।
ইসি আরও জানিয়েছে, প্রক্সি ভোটের সুবিধা দিতে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী আনা হচ্ছে।
সুত্রা২৪


