তুরস্কের আন্টালিয়ায় আয়োজিত আন্তর্জাতিক কূটনীতিক সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি তুরস্কের উদ্দেশে যাত্রা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশগ্রহণ শেষে আগামী ১৪ এপ্রিল দেশে ফিরবেন পররাষ্ট্র উপদেষ্টা।
১১-১৩ এপ্রিল পর্যন্ত চলবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এই ফোরাম। মূল থিম— ‘খণ্ডিত বিশ্বে কূটনীতির পুনরুদ্ধার’। এ বছর এটি চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে এবং অনুষ্ঠানের উদ্বোধন করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুর্কি সরকারের আমন্ত্রণে মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। তবে তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি তিনি তুরস্ক, স্লোভাকিয়া, আজারবাইজান ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এছাড়া, একটি আন্তর্জাতিক সংস্থার মহাসচিবের সঙ্গেও তাঁর বৈঠক নির্ধারিত রয়েছে।
বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে সাম্প্রতিক প্রেক্ষাপটে এই ফোরামকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক পর্যায়ে দেশের কূটনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করতে সহায়ক হবে বলেও আশা করা হচ্ছে।


