২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক ২৩৯ বিডিআর জওয়ানের জামিনের বিষয়ে আগামী ৮ মে নতুন তারিখ ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এ ভারপ্রাপ্ত বিচারক শেখ তারিখ এজাজ এই তারিখ নির্ধারণ করেন। মামলার শুনানি অনুযায়ী, বিচারক ইব্রাহিম মিয়ার অসুস্থতার কারণে জামিনের বিষয়ে কোনো আদেশ দেওয়া সম্ভব হয়নি, যার ফলে এটি চতুর্থবারের মতো পেছানো হলো।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর পর দুটি মামলা হয়—হত্যা ও বিস্ফোরক আইনে। হত্যা মামলায় ২০১৩ সালে ৮৫০ আসামির বিচার শেষ হয়। তাতে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২০১৭ সালে হাইকোর্টের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে।
এদিকে, বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ আসামির বিচার চলমান। মামলার পুনঃতদন্তের দাবি উঠে ২০১০ সালে এবং ২০১৯ সালে শহীদ পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।


