জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশকে আরও ব্যবসাবান্ধব করতে কাজ করবে এবং দেশকে একটি বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত করার লক্ষ্যে পদক্ষেপ নেবে, জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ এনসিপি প্রতিনিধিদলের অংশগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “বিভিন্ন বড় দেশ বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে বেছে নিয়েছে এবং তারা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি চেয়েছে, যা এনসিপি নিশ্চিত করেছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, এনসিপি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশকে “৫০-এ উন্নীত” করার লক্ষ্য নির্ধারণ করেছে এবং বর্তমানে ১.৩ বিলিয়ন ডলারের বার্ষিক এফডিআই প্রবাহকে ১৫ বিলিয়ন ডলারে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, বিনিয়োগকারীরা নবায়নযোগ্য শক্তি এবং কৃষিপ্রযুক্তির উন্নয়ন বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং এনসিপি এসব ক্ষেত্রে অগ্রগতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া, বাংলাদেশকে বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার বিষয়ে এনসিপি কাজ করবে বলে তিনি জানান।
এনসিপির পরিকল্পনা সম্পর্কে কথা বলতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলটি মাদ্রাসাছাত্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেবে এবং মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে এই খাতে উন্নতি আনবে।
বিরোধী দলগুলোর সমালোচনার বিষয়ে তিনি বলেন, এনসিপি সবসময় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করবে, যাতে বাংলাদেশ বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
সুত্রা২৪


