বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে শোভযাত্রার নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।
নববর্ষের শোভাযাত্রার নাম পরিবর্তনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক মহল থেকে চাপ আসছিল দীর্ঘদিন ধরেই। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়, যা আজ বাস্তবায়িত হয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও সাংস্কৃতিক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এবার বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজন করা হচ্ছে দেশের সবচেয়ে বড়, বর্ণাঢ্য ও অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রা। এতে নানা জাতিসত্তা, শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে।
উল্লেখ্য, ১৯৮০-এর দশকে শুরু হওয়া এই শোভাযাত্রা ২০১৬ সালে ইউনেস্কো কর্তৃক ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পায়। প্রতিবছরই মুখোশ, প্রতীকী প্রাণী ও লোকজ উপকরণ দিয়ে তৈরি শিল্পকর্ম নিয়ে অংশ নেন হাজারো মানুষ।
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য: ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।
এ ছাড়া চৈত্রসংক্রান্তি উপলক্ষে রোববার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চারুকলার বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


