আজ (শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, যেখানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে। বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হবে, তবে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান এবং তার আশপাশের এলাকায় মানুষের ঢল নেমেছে।
এত বড় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা দেখা যাচ্ছে। স্লোগানে মুখরিত হচ্ছে পুরো এলাকা, আর মানুষের উপস্থিতি এতটাই ব্যাপক যে, সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে এক পা ফেলার জায়গাও নেই।
ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলে অংশ নিয়েছেন অনেকেই। ধানমন্ডি থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলফিকার আহমেদ বলেন, “ফিলিস্তিনের মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চলছে, তা আমাদের জন্য এক মহাপ্রলয়ের মতো। আজ এখানে এসে আমরা জানিয়ে দিতে চাই, মুসলিম হিসেবে আমরা তাদের পাশে আছি।”
এদিকে, দোয়েল চত্বর থেকে টিএসসি হয়ে আসা মিছিলে অংশ নেয়া মোতাসিম বিল্লাহ জানান, “এমন বিশাল সমাবেশ আগে কখনো দেখিনি। সবাই এক কণ্ঠে গাজার নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে।”
বিশ্বব্যাপী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ চললেও, বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে আয়োজকদের উদ্দেশ্য হলো গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ, মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া এবং বিশ্বজনমত গঠন।
বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব এবং নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন, যা আরও বড় আকারে গাজার জনগণের প্রতি সহানুভূতি এবং সমর্থন তুলে ধরেছে।
সুত্রা২৪


