ঢাকা, ১২ এপ্রিল:
আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য সামনে রেখে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।
বৈঠকে কমিশনের দুই সদস্য আলী রীয়াজ ও বদিউল আলম মজুমদার কমিশনের কার্যক্রমের অগ্রগতির বিষয়টি অবহিত করেন। তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। এ পর্যন্ত ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে আলোচনার সময় নির্ধারিত রয়েছে বলে জানানো হয়।
কমিশনের সদস্যরা জানান, সংস্কার কার্যক্রম নিয়ে জনমত যাচাই এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মতবিনিময় সভা, গণশুনানি এবং প্রচারমূলক কার্যক্রম।
প্রধান উপদেষ্টার বার্তা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ডিসেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি সংশ্লিষ্টদের এ লক্ষ্যে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।
সুত্রা২৪


