ঢাকা, ১৩ এপ্রিল:
রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন এবং আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম নিশ্চিত করেন।
এ মামলায় আরও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তারা হলেন—রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মো. সালাউদ্দিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের ১৪ জন বর্তমান ও সাবেক কর্মকর্তা।
দুদকের অভিযোগ, পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট অযোগ্য ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রভাব খাটিয়ে এই সুবিধা নেন। এ ঘটনায় পৃথক ৮টি মামলায় ১৮ জনকে আসামি করে ১২, ১৩ ও ১৪ জানুয়ারি চার্জশিট দাখিল করে দুদক।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯, ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।
সুত্রা২৪


