ঢাকা, ১৩ এপ্রিল:
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বাত্মক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “আমরা বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চাই।”
রবিবার রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, “আজকের এই অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সমাবেশ ঘটেছে। এটাই আমাদের শক্তি। আমরা বিশ্বাস করি, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাই সমাজে শান্তি ও স্থিতি বজায় রাখার মূল চাবিকাঠি।”
তিনি আরও বলেন, “আমি যৌবনের বড় সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। সেখানকার অভিজ্ঞতা থেকেই বলছি—মত-পার্থক্য থাকলেও শ্রদ্ধা ও সহাবস্থান জরুরি। পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সেনাপ্রধানের বক্তব্যে বৌদ্ধ ধর্মের অহিংসা ও সম্প্রীতির বাণীকে তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তাও উঠে আসে।


