বাংলাদেশের স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়নে চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, চীন বাংলাদেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।
রোববার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।
নূরজাহান বেগম জানান, চীন ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সম্মত হয়েছে। এছাড়া, একটি এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল স্থাপনের বিষয়ে আলোচনা চলছে।
চীনের রাষ্ট্রদূতের বরাত দিয়ে তিনি আরও বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর সফল হয়েছে, এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবায় নতুন সহযোগিতার দ্বার উন্মোচিত হয়েছে।
উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, অদূর ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকরা উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে পারবেন। তিনি আরও বলেন, এ ধরনের সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য উপকারী হবে।
চীনের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যখাতে যৌথ উদ্যোগ ও বিনিয়োগ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।
সুত্রা২৪


