খুলনা, ২০ এপ্রিল:
খুলনার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আয়োজনের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মিছিলে অংশগ্রহণকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।
রোববার বিকেলে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এনসিপি খুলনার নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি নেতৃবৃন্দ আহম্মদ হামীম রাহাত ও ডা. আব্দুল্লাহ চৌধুরী।
তারা অভিযোগ করেন, “সম্প্রতি খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ প্রকাশ্যে ঝটিকা মিছিল করছে। এটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত একটি সন্ত্রাসী সংগঠনের রাষ্ট্রবিরোধী তৎপরতা। আওয়ামী লীগের হাতে প্রায় দুই হাজার মানুষ হত্যার দায় রয়েছে, এবং তাদের মিছিলে প্রশাসনের নীরবতা গভীর উদ্বেগজনক।”
সংবাদ সম্মেলনে বলা হয়, “৮ মাস আগে যেখানে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, সেখানে আজ পরাজিত শক্তি আবার আস্ফালন করছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা শুধু স্থানীয় ব্যর্থতা নয়, বরং গোটা রাষ্ট্রযন্ত্রের দুর্বলতার প্রতিচ্ছবি। এটি দেশের নিরাপত্তা ও স্বাধীনতার চেতনার জন্য হুমকি।”
এনসিপি নেতারা বলেন, “যদি আমরা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করি, তবে ছাত্র-জনতা রাজপথে নামবে। তার সূচনা হবে খুলনা থেকেই।”
এসময় সব গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানানো হয়—মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে এ ‘অপশক্তি’র বিরুদ্ধে রুখে দাঁড়াতে। বক্তারা অভিযোগ করেন, একটি শক্তিশালী রাজনৈতিক ঐক্যের অভাবে এখনও আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা সম্ভব হয়নি, যার ফলে তারা বারবার ইতিহাস বিকৃত করছে ও নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে।
সরকারকে হুঁশিয়ার করে নেতারা বলেন, “যদি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তবে ছাত্র-জনতার নেতৃত্বে আরও একবার তীব্র আন্দোলনের মুখোমুখি হতে হবে সরকারকে।”
সুত্রা২৪


