ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার তিন তরুণের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ শুনানি শেষে এই আদেশ দেন। বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তারা সবাই বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী।
ঘটনার সূত্রপাত
১৯ এপ্রিল বিকেলে মিডটার্ম পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে দাঁড়িয়ে ছিলেন পারভেজ। এ সময় ইউনিভার্সিটি অব স্কলারসের দুই ছাত্রীকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়, যার জেরে কথা কাটাকাটি শুরু হয় মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস ও মাহাথির হাসানের সঙ্গে।
ঘটনাটি প্রক্টর অফিস পর্যন্ত গড়ালেও পরবর্তীতে মীমাংসা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পারভেজের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মামলার অগ্রগতি
পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়ে আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মেহেরাজ ইসলাম, পিয়াস, মাহাথির হাসান, সোবহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজী, রিফাত, আলী ও ফাহিম।
তুষার ও মিয়াজী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ বনানী থানা ইউনিটের গুরুত্বপূর্ণ পদে আছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। অনেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
sutra24


