অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, স্থিতিশীল, পরিবেশবান্ধব ও টেকসই বিশ্ব গড়ে তোলা জরুরি। এ বিশ্ব গঠিত হবে জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সমন্বয়ে, যা নিশ্চিত করবে ভবিষ্যতের জন্য সর্বজনীন স্থায়িত্ব।
মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রফেসর ইউনূস বলেন, “আজকের তরুণরাই আমাদের পৃথিবীর উত্তরাধিকারী। তাদের পেছনে ফেলে রেখে আমরা সামনে এগোতে পারি না। আমি ব্যক্তিগতভাবে যুবসমাজের মধ্যে নাগরিক জাগরণের রূপান্তরমূলক শক্তি দেখেছি, যা জনগণের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এর আগে, কাতারে পৌঁছালে প্রফেসর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।


