27.3 C
Dhaka
Sunday, June 21, 2026

ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ জানিয়েছে, ভারত ও পাকিস্তান চাইলে তাদের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে ঢাকা। তবে নিজ উদ্যোগে কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে নয় বাংলাদেশ।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট—আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত-পাকিস্তানের মধ্যে নানা ইস্যুতে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে, কিন্তু আমরা চাই না এই পরিস্থিতি সংঘাতে রূপ নিক এবং তা অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়ে উঠুক।”

মধ্যস্থতার বিষয়ে তিনি বলেন, “আমরা চাই তারা নিজেরা নিজেদের সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করুক। যদি তারা আমাদের সহায়তা চায়, তাহলে আমরা বিবেচনা করব। তবে আগ বাড়িয়ে কোনো ভূমিকা নেওয়ার পক্ষে আমরা নই।”

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে বাংলাদেশের ওপর কোনো সম্ভাব্য প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “আধুনিক বিশ্বে সবকিছুই কমবেশি একে অপরকে প্রভাবিত করে। তবে তাদের এই উত্তেজনার সরাসরি প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা কম, কারণ আমরা কোনো পক্ষ নিইনি। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে।”

বাংলাদেশ-ভারত সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরাসরি নিরাপত্তা সংস্থাগুলোর কাছেই সঠিক তথ্য রয়েছে। তবে এখন পর্যন্ত তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, ইরান ও সৌদি আরব ইতোমধ্যে ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানও শান্তি ও সংলাপের পক্ষে বলেই স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ