সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে নানা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
রোববার (২৭ এপ্রিল) আলজাজিরায় সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সেখানে সাংবাদিক নিয়েভ বার্কার ড. ইউনূসের কাছে শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার মন্তব্য নিয়ে প্রশ্ন করেন।
ড. ইউনূস জানান, ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি মোদিকে অনুরোধ করেছিলেন যেন শেখ হাসিনাকে ‘চুপ’ থাকতে বলা হয়। কিন্তু মোদি জবাবে জানান, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত, এবং তিনি এসব নিয়ন্ত্রণ করতে পারবেন না।
ড. ইউনূস আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করছে এবং এটি দেশের অন্তর্বর্তী সরকারের জন্য সমস্যা তৈরি করছে।
সূত্র: আলজাজিরা


