মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশব্যাপী ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার প্রদত্ত এক বাণীতে ড. ইউনূস বলেন, “বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে মে দিবস পালিত হচ্ছে, এটা জেনে আমি আনন্দিত। ১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের যে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল, তা আজও শ্রমিক অধিকারের প্রেরণা হয়ে আছে।”
তিনি বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্ক দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারের মে দিবসের প্রতিপাদ্য— “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”—টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
ড. ইউনূস আরও বলেন, “বাংলাদেশের পোশাক, কৃষি, নির্মাণ, পরিবহন ও প্রযুক্তি খাতে শ্রমিক ও মালিকের সম্মিলিত পরিশ্রমে যে অগ্রগতি এসেছে তা প্রশংসনীয়। সেই অগ্রগতিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষেও তিনি সরকারের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শ্রমিকের অধিকার—এটি শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, শিল্প ও অর্থনীতির টেকসই উন্নয়নের পূর্বশর্তও।”
বাণীর শেষাংশে তিনি বলেন, “শ্রমিক ও মালিকের অংশীদারিত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে—এই বিশ্বাসে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।”


