আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, “নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের জন্য কেউ জুলাই বিপ্লবে জীবন দেয়নি,” এবং তিনি সরকারের প্রতি প্রশ্ন তুলে বলেছেন, কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করা হচ্ছে। শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, “তারা জীবন দিয়েছিল এদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য।”
মাহমুদুর রহমান আরও বলেন, “বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেই সংস্কারের কাজ করা সরকারের মূল দায়িত্ব।” তিনি সরকারকে সতর্ক করে বলেন, “অপ্রয়োজনীয় কমিশন বাতিল করুন, আমাদের এই কমিশনের প্রয়োজন নেই।”
হেফাজত ইসলামের প্রতি তার আহ্বান, “নারীবাদ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বৃহত্তর আন্দোলন থেকে সরে যাবেন না। আমাদের লড়াই ভারতের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এবং ইসলামের জন্য।”
তিনি শেষ পর্যায়ে বলেন, “বাংলাদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তবে স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না।”


