27.2 C
Dhaka
Monday, June 22, 2026

এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি

advertisment
- Advertisement -spot_img

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ। এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার (৫ মে) সকাল ১০টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

সিইসি বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমি বলেছি, তিনটি মানদণ্ড মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে—প্রথমত, কাজটি আইনসম্মত কি না; দ্বিতীয়ত, আপনার বিবেক সেটিকে সমর্থন করছে কি না; তৃতীয়ত, ১৮ কোটি মানুষের সামনে আমরা যারা নির্বাচন পরিচালনায় আছি, তারা দায়বদ্ধ। যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করি, তবে জবাবদিহির মুখোমুখি হতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা যে শপথ নিয়েছি, তা সমুন্নত রাখব। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ—এই নিশ্চয়তা জাতিকে দিতে পারি। আমাদের কর্মকর্তারা শপথ নিয়েছেন, তারা যেন আইন মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। অতীতের ভুল যেন ভবিষ্যতে না ঘটে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”

সিইসি আরও বলেন, “আশার কথা হলো, বর্তমানে সব রাজনৈতিক দলই নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে এবং তারা সবাই জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক দলগুলো বলছে, ২০২৪ সালের আন্দোলন সফল হবে না, যদি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না করা যায়।”

তিনি জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন, ভোটের দিন যেন উৎসবমুখর পরিবেশে পালিত হয়। আমরাও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। মানুষ যেন ভয় বা আতঙ্ক নয়, নির্ভয়ে ভোট দিতে পারে—সে লক্ষ্যেই কমিশন কাজ করছে।”

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রক্রিয়া প্রসঙ্গে সিইসি বলেন, “আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিইনি। পাঁচজন কমিশনারের সমন্বয়ে আমরা একমত হয়ে প্রতিটি সিদ্ধান্ত নিয়েছি।”

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “এ নিয়ে মাঠে আলোচনা চলছে। বিতর্কিত বিষয়ে আমরা যুক্ত হতে চাই না। কেউ কেউ মন খারাপ করছেন যে, আমরা সংস্কার কমিশনের সুপারিশ মানছি না। তবে এসব বিষয়ে রাজনৈতিকভাবে আগে ফয়সালা হওয়া উচিত।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ