সুস্থভাবে দেশে ফিরে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় ফেরার পর মঙ্গলবার (৬ মে) এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, “দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণের পর দেশে ফিরেছেন খালেদা জিয়া। এতে তিনি কিছুটা শারীরিক ক্লান্তি অনুভব করছেন, তবে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান।”
ডা. জাহিদ আরও জানান, চার মাস আগে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এ সময় দেশের অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন সরকারি সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা পেয়েছেন তিনি। এ জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, আজ (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। এ সময় গাড়ি থেকে নেমে নিজে হেঁটে বাসার ভেতরে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।


