রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি আপাতত স্থগিত। হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
মঙ্গলবার (৬ মে) শুনানি শেষে এই আদেশ দেন চেম্বার আদালত। চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আরশাদুর রউফ।
এর আগে হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলে রাষ্ট্রপক্ষ তাত্ক্ষণিকভাবে তা স্থগিতের আবেদন করে। প্রথমে চেম্বার আদালত একবার জামিন স্থগিত করলেও পরে পুনরায় শুনানির দিন ধার্য করে।
২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামে একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। পরবর্তীতে ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সেইদিন তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়, যাতে সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
হাইকোর্টে জামিন আবেদন করলেও এখন আপিল বিভাগে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চিন্ময় দাসকে কারাগারেই থাকতে হবে।


