সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব অবৈধ নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
সৌদি আরব সফর শেষে মঙ্গলবার (৬ মে) সাংবাদিকদের এ তথ্য জানান আসিফ নজরুল। তিনি বলেন, “গত সফরের সময় আমি সৌদি মন্ত্রীর কাছে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। এবারের সফরে জানতে পেরেছি, তারা ইতোমধ্যে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।”
এছাড়া, আসিফ নজরুল সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আবদুল্লাহ এন আবুথনাইনের সঙ্গে বৈঠক করেন। তিনি জর্ডানের মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন, যেখানে জর্ডানও অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার কথা জানিয়েছে।
তবে, জানা গেছে, সৌদি আরব গত ২১ বছরে প্রায় ৬ লাখ বাংলাদেশি নারী শ্রমিক নিয়োগ করেছে, এবং একই সময়ে জর্ডানে নিয়োগ পেয়েছেন ২ লাখ ১১ হাজার বাংলাদেশি নারী শ্রমিক। বাংলাদেশের সরকার জর্ডানে পুরুষ শ্রমিক নিয়োগ বাড়ানোরও অনুরোধ জানিয়েছে।


