আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের মূল ছুটির সঙ্গে পূর্বনির্ধারিত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ১০ দিন ছুটি পাবেন কর্মজীবীরা।
তবে ছুটির ভারসাম্য রক্ষায় আগামী ১৭ মে এবং ২৪ মে—এই দুই শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি—সব ধরনের প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ছুটি ও কর্মদিবসের এ পুনর্বিন্যাস করা হয়েছে।


