বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান সরকারি চাকরিতে পুনর্বহাল হতে যাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং দু-একদিনের মধ্যেই তার চাকরিতে পুনর্বহালের আদেশ জারি করা হবে।
২০১৩ সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগ না দেওয়ায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান ঘটে। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর ছুটির মেয়াদ শেষ হলেও দীর্ঘ সময় দেশে না ফেরায় তাকে বরখাস্ত করা হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক জানান, মঙ্গলবার দেশে ফিরে আসেন ডা. জোবাইদা রহমান। তিনি তার সরকারি চাকরিতে পুনরায় যোগ দিতে যাচ্ছেন।
ডা. জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি সরকারি চাকরিতে যোগ দেন।
২০০৮ সালে শিক্ষা ছুটির আবেদন করে যুক্তরাজ্যে যান। ছুটি শেষ হওয়ার পরও দেশে ফিরে না আসায় কয়েক দফায় ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেন তিনি, যা তৎকালীন সরকার নাকচ করে দেয়। এরপর বিধি অনুযায়ী তার চাকরি থেকে অবসান ঘটে।
তবে বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হওয়ায় এবং আদালতের স্থগিতাদেশের প্রেক্ষিতে তার আগের সকল শাস্তি কার্যকর নেই। দেশে ফিরে তিনি ধানমন্ডির পৈতৃক বাসায় উঠেছেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত দুর্নীতি মামলাটিও স্থগিত করা হয়েছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর।


