স্টাফ রিপোর্টার, সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে একটি খেলার মাঠ দখলের চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রবেশ করলে স্থানীয় গ্রামবাসী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাদের পিছু হটতে হয়।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে জাফলংয়ের নলজুরি আমস্বপ্ন গ্রামের ১২৭৭-৭৮ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং একটি খেলার মাঠ দখলের চেষ্টা চালায়। এসময় বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়।
এ ঘটনা দেখে স্থানীয় শতাধিক গ্রামবাসী লাঠিসোটা হাতে মাঠে ছুটে আসেন এবং “দেশের এক ইঞ্চি মাটি কাউকে নিতে দেব না”—এমন স্লোগানে মুখরিত করে তোলেন সীমান্ত এলাকা। জনতার প্রবল প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটে বিএসএফ।
ঘটনার বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন,
“জয়েন্ট জরিপ অনুযায়ী ওই খেলার মাঠটি তাদের (ভারতের) মধ্যে পড়ে। তবে স্থানীয় জনগণ জায়গাটিকে নিজেদের মনে করায় উত্তেজনা তৈরি হয়। মাঠটি বর্তমানে অপদখলীয় ভূমি হিসেবে চিহ্নিত।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।


