27.1 C
Dhaka
Monday, June 22, 2026

আ. লীগ নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতেই উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং

advertisment
- Advertisement -spot_img

প্রধান উপদেষ্টার প্রেসসচিব মো. শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আলোচনার জন্য আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং ডাকা হয়েছে। এছাড়া, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (১০ মে) যশোরের কেশবপুরের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, “আজ রাতে মিটিংয়ে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়েও আলোচনা হবে।”

ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। তারা আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার বন্ধ করেছে। অথচ আমরা তাদের গণমাধ্যমের নাটকীয় সাংবাদিকতা সম্পর্কে সচেতন। আমাদের মিডিয়া অনেক বেশি দায়িত্বশীল।”

তিনি আরও বলেন, “কিছু মিডিয়া অতীতে স্বৈরাচারি সরকারের টুলস ছিল, মিথ্যা তথ্য দিয়েছে, বিরোধীদলের অধিকার হরণ করেছে। এখন আমরা চাই সাংবাদিকতা হোক দায়িত্বশীল, যাতে ভবিষ্যতের সরকার সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়।”

ভুয়া মামলা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আমরা কাউকে হয়রানি করতে মামলা দিচ্ছি না, রাজনৈতিক দলগুলোই মামলা দিচ্ছে। সরকার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষ মিলিত হয়ে প্রাণবন্ত পরিবেশ তৈরি করেন। অতিথিদের লাল গালিচা সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ