27.7 C
Dhaka
Monday, June 22, 2026

আইপিএলে ফিরলেন মুস্তাফিজ, দিল্লি ক্যাপিটালসে ৬ কোটিতে চুক্তি

advertisment
- Advertisement -spot_img

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি শুরুতে। তবে এবার আসরের মাঝপথে নতুন করে সুযোগ পেলেন ফিজ।

৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সাময়িক বিকল্প হিসেবে তার সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের নিয়ম অনুযায়ী, চলতি আসর শেষে মুস্তাফিজকে দলে ধরে রাখতে পারবে না দিল্লি। অর্থাৎ, কেবল চলমান আসরের বাকি অংশেই খেলতে পারবেন তিনি।

মূলত অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজকে নেওয়া হয়েছে। ম্যাকগার্ক নিরাপত্তা শঙ্কায় আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন এবং ভারতে ফিরছেন না।

মুস্তাফিজ এর আগেও আইপিএলে সমৃদ্ধ ক্যারিয়ার গড়েছেন। ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২২, ২০২৩ এবং ২০২৪—এই সাত মৌসুমে অংশ নিয়েছেন পাঁচটি ভিন্ন দলের হয়ে। আইপিএলে তার নামের পাশে ৫৭ ম্যাচে ৬১ উইকেট।

সর্বশেষ আসরে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন, যেখানে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। ২০১৬ সালে অভিষেক মৌসুমেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। ঐ আসরে মাত্র ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়ে তিনি হন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়—যা আইপিএল ইতিহাসে কোনো বিদেশি খেলোয়াড়ের জন্য ছিল প্রথম কীর্তি।

স্থগিত হওয়া আইপিএল আবার মাঠে গড়াচ্ছে ১৭ মে থেকে। ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে গত সপ্তাহে আসরের খেলা সাময়িক বন্ধ করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এক সপ্তাহ পর পুনরায় শুরু হচ্ছে এবারের আইপিএলের বাকি অংশ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ