ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে এই ইস্যুতে সরকার ‘ইচ্ছাকৃত কালক্ষেপণ’ করছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২০ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত শপথ অনুষ্ঠানের কোনো উদ্যোগ নেয়নি সরকার।
ইশরাক অভিযোগ করেন, “আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে। ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। সেই মামলার রায়ে আমি বিজয়ী হয়েছি। এখন অনেকে অবৈধ নির্বাচনকে বৈধ করার চেষ্টা করছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
তিনি আরও বলেন, “এই উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। সরকারের ভিতরেই আরেকটি দল কাজ করছে যারা নিজেদের স্বার্থ রক্ষা করছে।”
আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ইশরাক। তিনি বলেন, “আইন উপদেষ্টা বলেছেন, তার মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। অথচ তার মতামতের জন্য ফাইল তার টেবিলে দীর্ঘদিন পড়ে ছিল। ১০ কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশের নিয়ম থাকায় কোনো রেসপন্স না পাওয়ায় নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়।”
নিজেকে শপথ থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমি বিএনপির প্রার্থী, এ কারণেই আমাকে শপথ নিতে দিচ্ছে না। তারা চায় নিজেদের নিয়ন্ত্রিত প্রশাসক বসিয়ে বর্তমান লুটপাটের ধারাবাহিকতা বজায় রাখতে।”
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে বৈধ বিজয়ী ঘোষণা করা হয়। এরপর গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে।


