মহাবিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় এবং স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় জন-আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে না।
বৃহস্পতিবার (২২ মে) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের ব্যর্থ ও পক্ষপাতমূলক আচরণ দেখতে চায় না। সরকার যদি নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে ব্যর্থ হয়, তবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক ও স্বাভাবিক নয়। সরকারের একটি অংশ পরিকল্পিতভাবে অনৈক্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। জনবিচ্ছিন্ন কিছু দল জানে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে তারা জয়ী হতে পারবে না। এজন্য তারা শুধু নির্বাচন বিলম্বিত করছে না, বরং নির্বাচনকে অনিশ্চিত করতেও ষড়যন্ত্র চালাচ্ছে।
রাখাইনে মানবিক করিডরের নামে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ এনে প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা এবং দেশি-বিদেশি কিছু স্বার্থান্বেষী মহল এসব ষড়যন্ত্রে সহায়তা করছে। তারা দীর্ঘমেয়াদি অনির্বাচিত সরকার প্রতিষ্ঠার চক্রান্ত করছে।
ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা না করা হলে আন্দোলনের কোনও বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি দেন প্রিন্স। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিলে লাখ-লাখ মানুষ নির্বাচনের দাবিতে ঢাকায় জমায়েত হবে।
মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন প্রমুখ।


