৬৪টি নদীর পরিষ্কার কর্মপরিকল্পনা গ্রহণ করা হলেও, সবগুলো নদী সংস্কারের জন্য সময় নেই। তবে অন্তর্বর্তী সরকার ৭টি নদী নিয়ে কাজ শুরুর চেষ্টা করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (৩১ মে) রাজধানীর পানি ভবনে অনুষ্ঠিত ‘রোড টু গ্রিন ম্যানিফেস্টো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার চায় সামনের রাজনৈতিক সরকার বুড়িগঙ্গা নদী পরিষ্কার করুক। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তুরাগ নদীর সৌন্দর্যবর্ধনে এবং বিশ্বব্যাংক তুরাগ নদী উদ্ধারে সহযোগিতা করবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, বুড়িগঙ্গা নদী উদ্ধারে প্রয়োজনীয় সময় এই সরকারের হাতে নেই। তাই উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৃতিকে কেন্দ্রে রেখে এগিয়ে যেতে হবে।
তরুণ নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, তরুণদের বিরুদ্ধে যেন কোনও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না ওঠে, সেদিকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক সময় তরুণদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে চলে আসে। তাই ব্যক্তি স্বার্থ নয়, বরং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে তরুণদের কাজ করতে হবে।
এ সময় তিনি আরও জানান, ঢাকার রাস্তা থেকে আনফিট বাস সরাতে আগামী জুন মাস থেকে সর্বশক্তি দিয়ে অভিযান পরিচালনা করা হবে।
আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজও উপস্থিত ছিলেন।


