29.4 C
Dhaka
Wednesday, June 17, 2026

জুলাই সনদ তৈরি করাই সরকারের মূল লক্ষ্য: প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ প্রণয়নই বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে সভাপতিত্বকালে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, “রাজনীতি বিভক্তির জন্য নয়, বরং ঐক্যের জন্য। দেশের মঙ্গলের জন্য রাজনীতি গড়ে উঠেছে, সে সুযোগ যেন হারিয়ে না যায়।” তিনি আরও বলেন, “সারাদিনের ব্যস্ততা শেষে যখন আপনাদের (রাজনৈতিক নেতৃবৃন্দ) সঙ্গে বসে কথা বলি, তখনই সবচেয়ে বেশি তৃপ্তি পাই। কারণ, এই আলোচনার মধ্য দিয়েই আমরা বাংলাদেশের ভবিষ্যৎ রচনা করছি।”

প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফার সংলাপে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, তার ভিত্তিতেই ‘জুলাই সনদ’ তৈরি হবে। দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিশনগুলোকে তিন মাস সময় দেয়া হয়েছিল। যদিও কয়েকটি কমিশন একটু বেশি সময় নিয়েছে, তবে তাতে সরকারের দৃষ্টিতে কোনো সমস্যা নেই বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার থেকে দ্বিতীয় দফার সংলাপ শুরু

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার (৩ জুন) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে দ্বিতীয় দফার সংলাপ শুরু হবে।

বৈঠকে রাজনৈতিক দলের উপস্থিতি

সোমবারের বৈঠকে অংশ নিতে দুপুর সাড়ে তিনটা থেকে রাজনৈতিক নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে যোগ দেয়।

এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ মোট ২৮টি রাজনৈতিক দল বৈঠকে অংশগ্রহণ করে।

এই সংলাপের মধ্য দিয়ে সরকার একটি সর্বসম্মত জাতীয় কর্মপথ তৈরি করতে চায়, যার চূড়ান্ত রূপ হবে জুলাই সনদে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ