আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাসভাড়া সরকার নির্ধারিত সীমার বাইরে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সবাই একমত যে, অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না। তিনি বলেন, “গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, আশা করছি এবারও তেমনই হবে।”
বাস ভাড়া ও নিরাপত্তা বিষয়ে গৃহীত পদক্ষেপ:
- অনভিজ্ঞ চালক দিয়ে গাড়ি না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, মালিকপক্ষ তাতে সম্মত হয়েছে।
- ডাকাতি ও ছিনতাই রোধে বাসে উঠলে যাত্রীদের ছবি নেয়া হবে।
- প্রতিটি বাসে ৩ জন দায়িত্বপ্রাপ্ত থাকবেন, যাদের কাছে প্রশাসনের ফোন নম্বর থাকবে এবং যাত্রাপথে কোনো সমস্যা হলে তারা তাৎক্ষণিকভাবে জানাবেন।
- ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় নামতে পারবে না।
- চালকদের যথাযথ বিশ্রাম নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
- ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কি না তা তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে।
রাজধানীর নিরাপত্তা:
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদের দীর্ঘ ছুটি ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এই সময় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। শুধুমাত্র জরুরি ভিত্তিতে ছুটি মঞ্জুর করা হবে, সাধারণ ছুটি বাতিল করা হয়েছে।
চাঁদাবাজি ও যৌথ উদ্যোগ:
সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। পুলিশ, মালিক, শ্রমিক সবাই একসঙ্গে কাজ করবে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। কেউ জড়িত থাকলে তার পরিচয় নির্বিশেষে ব্যবস্থা নেয়া হবে।”
সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলেই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


