পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের বিভিন্ন সময়ের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আগামী বছরের ৩০ জুনের মধ্যে নির্বাচন আয়োজন করবে সরকার—এ কথা বিদেশিদের জানিয়ে দেওয়া হয়েছে।”
মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সীমান্ত হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “সীমান্তে বেসামরিক মানুষ হত্যা নিয়ে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানো অব্যাহত রয়েছে।” তিনি আরও বলেন, “পৃথিবীর অন্য কোনো সীমান্তে এমন হত্যাকাণ্ড ঘটে না।”
পুশ-ইন ইস্যুতে তিনি জানান, এটি শারীরিকভাবে ঠেকানো সম্ভব নয়। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে চিঠি চালাচালি চলছে। সরকার ঢাকা-দিল্লি কনস্যুলার ডায়ালগ আয়োজনের চেষ্টা করছে। তিনি বলেন, “ভারতে যদি কোনো অবৈধ বাংলাদেশি থাকে, তাহলে তাদের সঠিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠাতে হবে। ভারত যে তালিকা দিয়েছে, তা যাচাই-বাছাই করে অনেককে ফেরত নেওয়া হয়েছে।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চেয়ে দিল্লিতে পাঠানো চিঠির উত্তর এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই সিদ্ধান্ত আমাদের জন্য শাপে বর হয়েছে। এতে রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং ভারতের ওপর নির্ভরশীলতা কমেছে।”
এছাড়া ভিসা বন্ধের দায় স্বীকার করে তিনি বলেন, “বিভিন্ন দেশের ভিসা বন্ধের জন্য আমরা নিজেরাই অনেকাংশে দায়ী।”


