32 C
Dhaka
Sunday, June 21, 2026

ঢাকায় শিগগিরই চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়: গোয়েন লুইস

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ৪ জুন:
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই ছোট পরিসরে এ কার্যালয় চালু করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

মানবিক করিডর বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি ছাড়া জাতিসংঘের পক্ষে সহায়তা করা সম্ভব নয়। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি।”

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের বিষয়ে জাতিসংঘের অবস্থান স্পষ্ট করে গোয়েন লুইস বলেন, “এই উদ্যোগকে জাতিসংঘ সমর্থন করে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে জাতিসংঘের মত দেওয়ার কিছু নেই। তবে নির্বাচন কমিশনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আমরা সহায়তা করছি।”

তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘের সহায়তা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ভূমিকা রাখবে। নির্বাচন কমিশনের কাজ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান, জাতিসংঘ সবসময় বাংলাদেশের মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ থাকায় এক প্রশ্নের উত্তরে গোয়েন লুইস বলেন, “নারী, পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে সমাজের সব অংশের নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত।”

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, “জাতিসংঘের দৃষ্টিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে, নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ